পাইলট পর্যায়ে ৩৭ হাজার ৫৬৪ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

ডেস্ক রিপোর্ট: নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার ৩৭ হাজার ৫৬৭ জন নারী গৃহপ্রধান এই কার্ডের মাধ্যমে ভাতা পাবেন।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁর নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

মন্ত্রী জানান, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি-সংলগ্ন) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। শুরুতে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭ জন নারী গৃহপ্রধানকে ভাতার জন্য নির্বাচন করা হয়েছে।

কর্মসূচির আওতায় প্রতিটি নারী প্রধানকে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তিসম্পন্ন স্মার্ট কার্ড দেওয়া হবে। একটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের পাঁচজন সদস্য সুবিধা পাবেন। নির্বাচিত উপকারভোগীরা পাইলট পর্যায়ে মাসে ২ হাজার ৫০০ টাকা হারে ভাতা পাবেন, যা সরাসরি তাঁদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

মন্ত্রী বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে জুন ২০২৬ পর্যন্ত ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে অধিকাংশ অর্থ সরাসরি নগদ সহায়তা হিসেবে উপকারভোগীদের দেওয়া হবে।