রমজানের পর সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬ ডেস্ক রিপোর্ট: সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান মাসের পরপরই সরকার এই অভিযান শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী বা চাঁদাবাজকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক দমনে বর্তমান সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে চিরতরে মব কালচার নির্মূলেও সরকার কঠোর। তিনি বলেন, গতকাল রাতে ও আজকেও চট্টগ্রামে একটি বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন নিশ্চিত করতে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছেন জানিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, তাঁদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতের সঙ্গে আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপক্ষীয় যে চুক্তি রয়েছে, সে চুক্তি অনুযায়ী শিগগির তাঁদের ফেরত আনা যাবে। এর আগে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজারের তিন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: