বিদ্যুৎ সাশ্রয়ে রাত থেকে রাজধানীতে অভিযান শুরু

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ সাশ্রয় ও অপ্রয়োজনীয় ব্যবহার কমাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (৯ মার্চ) থেকে প্রতিদিন ইফতারের পর রাত ১১টা পর্যন্ত এলাকাভিত্তিক এ অভিযান পরিচালিত হবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বাড়ানো এবং অপচয় রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি প্রশাসনের প্রতিনিধিরাও দায়িত্ব পালন করবেন।

পরিকল্পনা অনুযায়ী, গুলশান ও হাতিরঝিল এলাকায় দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাসান সাদী। মালিবাগ, মৌচাক ও মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. মাছুদুর রহমান।

এছাড়া নিউমার্কেট ও ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা। বেইলি রোড ও শান্তিনগর এলাকায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মনসুর।

মিরপুর-১, ২, ১০ ও ১২ নম্বর এলাকায় দায়িত্বে থাকবেন সিনিয়র সহকারী সচিব তাহমিলুর রহমান। এলিফ্যান্ট রোড ও শাহবাগ এলাকায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

পুরান ঢাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ। আর বনানী ও মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. আবুবক্কর সিদ্দিকী।