মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬
আশা ভোঁসলে। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রবিবার (১২ এপ্রিল) ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মায়ের প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন ছেলে আনন্দ ভোঁসলে।

এর আগে শনিবার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশা। ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ পর্যন্ত ফিরে আসা হলো না তার। কিংবদন্তি গায়িকার প্রয়াণে সংগীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতালে ভর্তির পর গায়িকার নাতনি জনাই ভোঁসলে সামাজিক মাধ্যম একটি পোস্ট লিখেছিলেন, আমার ঠাকুমা আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা সবার কাছে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আমরা আশা করছি সব ঠিক হয়ে যাবে। শিগগিরই আমরা ভালো খবর দেব।

টানা সাত দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতে রাজত্ব করেছেন আশা ভোঁসলে। হাজার হাজার গান আর অসংখ্য কালজয়ী সুরের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন কয়েক প্রজন্মের অনুপ্রেরণা। তার প্রয়াণে একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিগগিরই কালজয়ী এ শিল্পীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।