সাওদা সুমির সঙ্গে করা আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে: জামায়াত আমির

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬
ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।’

ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদীরা সব যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।

জামায়াত আমির উল্লেখ করেন, ‘জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না। লজ্জা, লজ্জা!’

গত রবিবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন বিবি সাওদা। তিনি জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী।