ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী নাঈমুদ্দীনের ওপর সোহরাওয়ার্দী উদ্যান-এ কথিত ‘পুলিশি হামলা’ এবং ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে তিন দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে শাহবাগ থানা-র সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা হামলার বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে তিন দফা দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি:১. ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ২. ক্যাম্পাস এলাকার ভেতরে ও বাইরে সকল প্রকার অযাচিত পুলিশি তৎপরতা বন্ধ করতে হবে। ৩. বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম প্রান্ত বলেন, “এ ধরনের হয়রানি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, তিনি সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। পুলিশ ভাইদের বলতে চাই, আপনারা সীমালঙ্ঘন করবেন না। এ দেশের মানুষ আপনাদের পক্ষে থাকতে চায়, বিপক্ষে নয়। পুলিশের সঙ্গে আমাদের সম্পর্ক কী আমরা এখনো ভুলে যাইনি। জুলাই-আগস্টের দিনগুলোর কথাও আমরা ভুলে যাইনি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পায়েল বলেন, “মৌখিক বাকবিতণ্ডার জেরে পুলিশ কখনো গায়ে হাত তুলতে পারে না। গতকালের হামলায় অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে বিচারের মুখোমুখি করতে হবে। ক্যাম্পাসে অযাচিত পুলিশি তৎপরতা বন্ধ করতে হবে। আমাদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

চারুকলা বিভাগের শিক্ষার্থী সাজিদ বলেন, “তথাকথিত মাদকবিরোধী অভিযানের নামে শাহবাগ থানা পুলিশ, ডিসি মাসুদের নেতৃত্বে, কোনো প্রমাণ ছাড়াই হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।”