ইরানি হামলার ভিডিও-গুজব ছড়ানোয় কাতারে গ্রেপ্তার ৩১৩

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

ডেস্ক রিপোর্ট: ইরানের হামলার প্রেক্ষাপটে ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে কাতারে ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হামলার ভিডিও ধারণ ও প্রচার করার পাশাপাশি এমন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা জনমনে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন ইউনিট জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

এর আগে বাহরাইন ইরানি হামলা নিয়ে ভিডিও ধারণ ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে। কুয়েতও দেশটির পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সংবেদনশীল ছবি বা অনির্ভরযোগ্য তথ্য প্রচারের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। তবু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধের ক্ষয়ক্ষতির নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে।