প্রধানমন্ত্রীর কাছে ‘শাপলা চত্বরে গণহত্যা’র বিচার দাবি হেফাজতের PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, মে ২, ২০২৬ ডেস্ক রিপোর্ট: রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে২০১৩ সালের ৫ মে সংঘটিত ‘গণহত্যা’য় জড়িতদের বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানিয়েছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ সংবাদ বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা বলেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের লাখো জমায়েতের ওপর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পরিকল্পিত নৃশংস গণহত্যায় অগণিত ধর্মপ্রাণ মানুষ শহীদ হন। হাজার হাজার আলেম, হাফেজ ও নবীপ্রেমিক জনতা আহত ও পঙ্গুত্ব বরণ করেন। আমরা ৫ মে’র মহান শহীদদের স্মরণে সারাদেশে দোয়া ও আলোচনা সভার আয়োজনের জন্য হেফাজতের নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’ নেতৃদ্বয় বলেন, ‘৫ মে’র গণহত্যার দায়ে পতিত ফ্যাসিস্ট হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের পক্ষ থেকে করা মামলা বিচারাধীন রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের জোর দাবি, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে শাপলার খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন।’ দুঃখের সঙ্গে তারা বলেন, ‘২০১৩ সালে ৫ মে’র গণহত্যার প্রতিবাদে সবাই মাঠে নামলে পরবর্তীতে চব্বিশের জুলাই ম্যাসাকার দেখতে হতো না। তৎকালীন রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, ইসলামবিদ্বেষী সেক্যুলারদের উসকানি ও সুশীল সমাজের বড় অংশের নীরবতার মধ্য দিয়েই ফ্যাসিবাদের উত্থান ঘটতে পেরেছিল বলে আমরা মনে করি।’ হেফাজত নেতৃবৃন্দ বলেন, ‘২০১৩ সালে ইসলামবিদ্বেষী ও আধিপত্যবাদীদের প্রজেক্ট গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে শাপলার চেতনা রুখে না দাঁড়ালে অচিরেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লুণ্ঠিত হতো।’ তারা দাবি করেন, প্রতিবাদী আলেম-ওলামা ও ইসলামপন্থীদেরকে ‘না-মানুষ’ বানানো ইসলামবিদ্বেষীদের বিরুদ্ধে শাপলার রক্তাক্ত চেতনা জাগ্রত রাখতে হবে।’ নেতৃদ্বয় মনে করিয়ে দেন, ‘বর্তমান সরকার প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, নিরাপত্তা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় ব্যর্থ হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এটি সরকারকে মাথায় রাখতে হবে।’ SHARES জাতীয় বিষয়: রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে২০১৩ সালের ৫ মে সংঘটিত ‘গণহত্যা’য় জড়িতদের বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানিয়েছে হেফাজতে ইসলামী বাংলাদেশ।