চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে লাফ দিলেন যাত্রী PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মে ৩, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: চলন্ত অবস্থায় বিমানের দরজা খুলে লাফ দিলেন এক যাত্রী। ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রবিবার (৩ মে) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা একটি ফ্লাইট চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ধীরে ধীরে ট্যাক্সিওয়ে দিয়ে এগোচ্ছিল। ঠিক সেই সময়, বিমানটি পুরোপুরি থামার আগেই হঠাৎ দরজা খুলে এক যাত্রী নিচে লাফ দেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটার পরপরই অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিমানটি তখন খুব ধীরগতিতে চলছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানেরও ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঘটনাটি মূল রানওয়েতে নয়, বরং ট্যাক্সিওয়ের ওপর ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যাত্রী যাত্রাপথে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বমিভাবের কথা জানিয়েছিলেন এবং ফ্লাইট চলাকালে অন্তত দুইবার বমিও করেছেন বলে জানা গেছে। এতে বোঝা যায়, তার শারীরিক অবস্থা ভালো ছিল না। ঘটনার পরপরই পাইলট গ্রাউন্ড নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সদস্যরা ওই যাত্রীকে হেফাজতে নেন এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তদন্তের জন্য। এ ঘটনায় কিছু সময়ের জন্য বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান রানওয়েটি সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং অন্যান্য ফ্লাইটগুলো বিকল্প রানওয়েতে পরিচালিত হয়। যাত্রীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা হতে পারেন। SHARES আন্তর্জাতিক বিষয়: চলন্ত অবস্থায় বিমানের দরজা খুলে লাফ দিলেন এক যাত্রী। ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।