পদ্মা সেতুতে দুইদিনে ৯ কোটি টাকা টোল আদায়

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখী যাত্রী ও যানবাহন পারাপার বেড়েছে। ঈদের ছুটির প্রথম দুই দিনেই পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকায় যাত্রা নির্বিঘ্ন হচ্ছে। সেতু এলাকায় ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে সার্বিক পরিস্থিতি।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সেতু পারাপারে কোনো বাড়তি চাপ না থাকায় গাড়ির গতি স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ও বুধবার (১৮ মার্চ) এই দুই দিনে পদ্মা সেতু দিয়ে মোট ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে।

একই সময়ে টোল আদায় হয়েছে ৮ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা। মাওয়া প্রান্ত দিয়ে সবচেয়ে বেশি যানবাহন চলাচল করেছে। দুই দিনে এই প্রান্ত দিয়ে মোট ৫৩ হাজার ৩৫৮টি যানবাহন সেতুতে ওঠে।

সবশেষ বুধবার একদিনেই ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

এদিন শুধু মাওয়া প্রান্ত থেকেই ২৮ হাজার ৩৯০টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৫৫০ টাকা। এর আগের দিন ১৭ মার্চ মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেশি থাকলেও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ। বিশেষ করে পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি পৃথক টোল কাউন্টার চালু থাকায় দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে দ্রুত টোল আদায় ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলে যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সকাল থেকে যানজট মুক্তভাবে সব গাড়ি পার হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টোলপ্লাজায় মোটরসাইকেলের জন্য আলাদা তিনটি লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।